আগস্টে সড়কে প্রাণ ঝরেছে ৪৮১ জনের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০১:৫৯ পিএম
আগস্টে সড়কে প্রাণ ঝরেছে ৪৮১ জনের

ছবি : প্রতিনিধি

ঢাকা: সদ্য শেষ হওয়া আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৮১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৬৪ জন। 

সোমবার (৭ সেপ্টেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে বলে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে সড়কে প্রতিদিন গড়ে ১৩ দশমিক ৪১ জন নিহত হয়েছিলেন। আগস্টে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫১ জনে। নিহত ৪৮১ জনের মধ্যে ৬১ জন নারী এবং ৫৮ জন শিশু রয়েছে।

যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, একক খাত হিসেবে মোটরসাইকেল দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি। আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতে ৩৬ দশমিক ৫৯ শতাংশ। এ ছাড়া দুর্ঘটনায় ১০২ জন পথচারী এবং বিভিন্ন যানবাহনের ৬৭ জন চালক ও সহকারী মারা গেছেন।

সড়কের ধরন বিশ্লেষণে দেখা যায়, আগস্টের সর্বোচ্চ ৪২ দশমিক ৩০ শতাংশ (২১৭টি) দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। জাতীয় মহাসড়কে ১৬৩টি, গ্রামীণ সড়কে ৬২টি এবং শহরের সড়কে ৭১টি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে যানবাহনের নিয়ন্ত্রণ হারানো (৩৮ শতাংশ) এবং মুখোমুখি সংঘর্ষ।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১৭২টি দুর্ঘটনায় ১৪৪ জন প্রাণ হারিয়েছেন ঢাকা বিভাগে। একক জেলা হিসেবে সর্বোচ্চ ৩৭ জন নিহত হয়েছেন বগুড়ায়। আর রাজধানী ঢাকায় ৪৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন।

পিএস

Link copied!