ফাইল ছবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের ব্যবসা ও মুনাফার চিত্রে দুর্বলতা থাকলেও আবারও বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। কোম্পানিটি প্রায় ৯৬৮ কোটি টাকা সংগ্রহে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব করেছে তারা।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানা গেছে।
জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের মাত্র ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, তাদের পরিচালনা পর্ষদ প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি করে রাইট শেয়ার ইস্যু করতে চায়। প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এ প্রস্তাব বাস্তবায়িত হলে কোম্পানিটি মোট ৯৬৭ কোটি ৭৭ লাখ টাকা নতুন মূলধন সংগ্রহের সুযোগ পাবে।
অথচ ২০২৫-২৬ অর্থবছরে জিপিএইচ ইস্পাতের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে মাত্র ৭ পয়সা। কোম্পানিটির ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫১ টাকা ৮১ পয়সা। এ অবস্থায় এত বড় অঙ্কের মূলধন সংগ্রহের প্রয়োজনীয়তা ও অর্থের ব্যবহার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে।
এর আগের কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০২৫ সালের ২৭মে জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করে দেয় সংস্থাটি। তখন কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ১:৩ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করে প্রায় ২৪১ কোটি ৯৪ লাখ টাকা সংগ্রহের আবেদন করেছিল।
কমিশন তখন জানিয়েছিল, দাখিল করা দলিলাদি সন্তোষজনক না হওয়ায় সার্বিক দিক বিবেচনায় প্রস্তাবটি বাতিল করা হয়েছে।
এর মাত্র কয়েক সপ্তাহ পর, ২০২৫ সালের ২২ জুন কোম্পানিটির ৫০০ কোটি টাকা সংগ্রহের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবও বাতিল করে বিএসইসি। কোম্পানিটি ঋণ পরিশোধের জন্য ওই অর্থ সংগ্রহ করতে চেয়েছিল।
অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে মূলধন সংগ্রহের একাধিক উদ্যোগ নিয়েছে জিপিএইচ ইস্পাত। আগের দুটি প্রস্তাব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন না পেলেও এবার আরও বড় অঙ্কের অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসএইচ