ছবি : সংগৃহীত
ঢাকা: সৌদি আরবে হুতিদের হামলার পরিস্থিতিতে ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১৭ অক্টোবর) বিকালে বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এবং যাত্রীদের তা জানিয়ে দেওয়া হবে।”
অপরদিকে প্রয়োজনীয় অনুমতি পাওয়া সাপেক্ষে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট আবার পরিচালনা করতে চায় বিমান।
তবে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চালু থাকার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
যাত্রীচাপ সামলাতে ইতোমধ্যে মদিনা রুটে অধিক ধারণক্ষমতার উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে, যা ১৮ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে পুনরায় নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ চলাচল করবে।
এ ছাড়া বাড়তি চাহিদার কথা বিবেচনায় রেখে জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
পিএস