যে কারণে সাবেক পুলিশ সুপার তানিয়া সাময়িক বরখাস্ত

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ০৭:২৫ পিএম
যে কারণে সাবেক পুলিশ সুপার তানিয়া সাময়িক বরখাস্ত

ফাইল ছবি

অসদাচরণ ও কর্মস্থল থেকে পলায়নের গুরুতর অভিযোগে সাবেক পুলিশ সুপার (এসপি) ড. তানিয়া আনসারীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। 

রোববার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে কানাডায় অবস্থানরত এবং তৎকালীন পুলিশ টেলিকম ঢাকার স্পেশাল সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ড. তানিয়া আনসারীর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুযায়ী যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। চলমান বিভাগীয় তদন্তের স্বার্থে সরকারি চাকরির বিধান অনুসারে তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে মনে করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী এই বরখাস্তের আদেশ ১০ মে, ২০২৫ তারিখ থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে।

সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি পুলিশ সদরদপ্তর ঢাকায় সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী কেবল খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

এসএইচ 

Link copied!