শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, অথরাইজেশন ছাড়াই ই-মেইল পেয়েছে দিল্লি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৩:২৫ পিএম
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, অথরাইজেশন ছাড়াই ই-মেইল পেয়েছে দিল্লি

ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি ই-মেইল পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইন পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। 

সোমবার (৯ নভেম্বর) সকালে ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে দিল্লি হাইকমিশন জানিয়েছে, চিঠিটি পাওয়ার পরপরই তারা পরবর্তী করণীয় জানতে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে।

তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, এটি যে শেখ হাসিনার আবেদন তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। কারো পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথরাইজেশন থাকে।

দিল্লির কূটনৈতিক একটি সূত্র সোমবার সকালে ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মেট্রিক্সের মেইলের শুরুতে আইনজীবী লিখেছেন, তিনি শেখ হাসিনার আইনজীবী হিসেবে তার পক্ষে যোগাযোগ করছেন। এরপর কয়েকটি বিষয় তুলে ধরে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। হাইকমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

এসএইচ 

Link copied!