কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে মধ্যরাতে জরুরি সহায়তার জন্য তিন মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাননি বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। ঘটনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করলেও তাদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি বলে সংসদে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে দ্বিতীয় দফায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকারের আসনে বসে এ বিষয়ে কথা বলেন ডেপুটি স্পিকার।
ঘটনার সময়ের বিবরণ দিতে গিয়ে কায়সার কামাল জানান, রাত ১টা ২০ থেকে ২৫ মিনিটের দিকে একজন সংসদ সদস্য তাকে ফোন করে বিষয়টি জানান। খবর পাওয়ার পরপরই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাকে ফোনে না পেয়ে আইনমন্ত্রীকে কল করেন। সেখানেও যোগাযোগ করতে ব্যর্থ হন তিনি।
এরপর রাত দুইটার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকেও ফোন দেন ডেপুটি স্পিকার। তবে তার সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি। এভাবে জরুরি পরিস্থিতিতে তিনজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি বলে সংসদে জানান তিনি।
এ প্রসঙ্গে কায়সার কামাল বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে কিংবা অন্য কোথাও কোনো ঘটনা ঘটলে তা আমাদের প্রত্যেকের ওপর প্রভাব ফেলে। বিষয়টি সবার জন্যই উদ্বেগের। এমন ঘটনার গুরুত্ব বিবেচনায় বিষয়টি জাতীয় সংসদে আলোচনার সুযোগ তৈরি হয়েছে এবং সংশ্লিষ্টরা এ নিয়ে কথা বলার সুযোগ পেয়েছেন।
ডেপুটি স্পিকার আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তদন্ত চলার কথা জানিয়েছেন। এ অবস্থায় তদন্তের ফলাফল না আসা পর্যন্ত অপেক্ষা করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার পর দেখা যাবে, এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনা হয় কি না। তদন্তের আগে কোনো সিদ্ধান্তে না পৌঁছে তদন্ত শেষ হওয়ার জন্য অপেক্ষা করার আহ্বান জানান কায়সার কামাল।
এম