গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন ও এ-সংক্রান্ত বিষয়ে ভারত সরকারের কাছে দুটি চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বিষয়টি সমাধানে ভারতকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে প্রতিবেশী দেশকে দুটি চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে একটি চিঠিরও জবাব পাওয়া যায়নি। তিনি ব্যক্তিগতভাবেও একটি চিঠি পাঠিয়েছেন, কিন্তু সেটিরও কোনো উত্তর আসেনি।
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ চায়, ভারত কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে নয়, বরং এ দেশের সামগ্রিক জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুক। বন্ধুত্বের মনোভাব নিয়ে গঙ্গার পানিবণ্টন সমস্যার সমাধানে ভারত যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করে সরকার।
বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি জানান, গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে কাজ করতে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে ভারতের জবাবের অপেক্ষায় বসে নেই বাংলাদেশ। পানি সংরক্ষণ, উৎপাদন ও উন্নয়ন বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, পানি ধরে রাখতে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ চলছে। পাশাপাশি পানি সংরক্ষণের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প এবং পানির উৎপাদন বাড়াতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের শাসনামলের প্রসঙ্গ টেনে পানিসম্পদমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে হত্যা, গুম, শিক্ষার্থী ও শিশু হত্যা, রাজনৈতিক কর্মীদের ওপর হামলা, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়।
সীমান্তে ‘ষড়যন্ত্র ও অবন্ধুত্বপূর্ণ আচরণ’ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে এ্যানি বলেন, ইতিমধ্যে হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে এবং তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। হাইকমিশনার সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি বা ফল পাওয়া যায়নি।
তবে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে এবং নতুন বন্ধুত্বের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন পানিসম্পদমন্ত্রী।
এম