পাকিস্তান সফরে গিয়ে ভারতের তীব্র সমালোচনা স্পিকার হাফিজের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১০:০১ পিএম
পাকিস্তান সফরে গিয়ে ভারতের তীব্র সমালোচনা স্পিকার হাফিজের

ছবি: সংগৃহীত

পাকিস্তান সফরে গিয়ে ভারতের তীব্র সমালোচনা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশকে শোষণ করেছে এবং দেশের সঙ্গে একটি উপনিবেশের মতো আচরণ করেছে। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ করতে অস্বীকার করলে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর বরাতে জানা গেছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার হাফিজ উদ্দিন এসব মন্তব্য করেন। তাঁর এই বক্তব্য পাকিস্তানি সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

আলাপকালে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ টেনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দাবি করেন, ওই সময় ভারত বাঙালি জনগণকে সহায়তা করেনি; বরং পাকিস্তানকে দুর্বল করার লক্ষ্য নিয়েই তারা কাজ করেছিল। ১৯৭১ সালেও বাংলাদেশ গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশের মানুষ স্বৈরাচার প্রত্যাখ্যান করেছে এবং প্রকৃত গণতন্ত্রের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন স্পিকার।

২০২৪ সালের আগস্ট মাসে দেশ ছেড়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনা প্রসঙ্গে স্পিকার বলেন, তিনি দেশে ফিরে এলে তাঁকে কারাদণ্ড ভোগ করতে হবে। আগামী ১০ বছরের মধ্যে শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা খুবই কম বলেও দাবি করেন তিনি।

এ সময় আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে দলটিকে নিষিদ্ধ করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান হাফিজ উদ্দিন আহমদ। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে দলটিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন হাফিজ উদ্দিন আহমদ। গত ২৩ নভেম্বর শুরু হওয়া এই সফর বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের পাকিস্তানে প্রথম সরকারি সফর।

সফরকালে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা, প্রতিনিধিদলের বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্পিকার।

এসএইচ 

Link copied!