ছবি: সংগৃহীত
দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে এবং তা এখনো প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলনের ৩৬তম শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হলে শহীদ ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হতো। ডা. মিলনের চেতনার ওপর ভর করেই পরবর্তী সময়ে বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে সবাই উদ্দীপ্ত হয়েছেন।
অনুষ্ঠানে গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অপেক্ষাকৃত কার্যকর বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় এসে তা বাতিল করে। মূলত ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যেই তারা এই ব্যবস্থা বাতিল করেছিল।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন এবং স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবিরসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএইচ