অভিবাসী ভিসা নিয়ে দুঃসংবাদ দিলো আমেরিকা, মহা বিপাকে পড়বেন যারা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৬, ০৭:১৪ পিএম
অভিবাসী ভিসা নিয়ে দুঃসংবাদ দিলো আমেরিকা, মহা বিপাকে পড়বেন যারা

ফাইল ছবি

বিশ্বজুড়ে অভিবাসী ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চলমান কঠোর অভিবাসনবিরোধী অভিযানের মধ্যেই নতুন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে হাজার হাজার বৈধ অভিবাসী ভিসা প্রার্থী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এই প্রশিক্ষণের সঙ্গে সমন্বয় করে ভিসা সেবার সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে।

প্রশিক্ষণটির মূল লক্ষ্য হলো কনস্যুলার কর্মকর্তাদের এমন আবেদনকারী শনাক্ত করতে সহায়তা করা, যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। এছাড়া সব আবেদনকারীকে যেন একই নিয়মে ও সামগ্রিকভাবে মূল্যায়ন করা হয়, সেটিও নিশ্চিত করতে চায় দপ্তরটি।

ইতিমধ্যেই যেসব অভিবাসী ভিসা আবেদনকারীর সাক্ষাৎকারের তারিখ নির্ধারিত ছিল, তাদেরকে ই-মেইলের মাধ্যমে তারিখ পরিবর্তনের কথা জানানো হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে বলে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আচমকা এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তারা, যারা ভিসা সাক্ষাৎকারের জন্য দীর্ঘ দিন ধরে অপেক্ষায় ছিলেন।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বন্ধ ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের দোহাই দিয়ে ট্রাম্প প্রশাসন ভিসা ও গ্রিন কার্ড বাতিল, ব্যাপক বহিষ্কার অভিযান এবং কঠোর শর্ত আরোপ অব্যাহত রেখেছে। তবে এসব পদক্ষেপের কারণে বৈধ অভিবাসনপ্রার্থীরাও বড় ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন।

নির্দিষ্ট কিছু কর্মভিত্তিক ভিসার আবেদনকারীদের জন্য নতুন ও ব্যয়বহুল ফি চালুর পাশাপাশি ইসরায়েল-গাজা যুদ্ধকেন্দ্রিক ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়া বা রাজনৈতিক মতাদর্শকেও ভিসা বাতিলের কারণ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

প্রশাসনের এসব কড়াকড়ির বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, সরকারের এসব সিদ্ধান্ত বৈষম্যমূলক এবং মানবাধিকার ও স্বাধীন মতপ্রকাশের পরিপন্থী।

ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনের ৭৫টি দেশের ওপর আরোপিত অভিবাসী ভিসা স্থগিতের একটি বিশেষ নীতি দেশটির আদালতে আইনি বাধার মুখে পড়ে বাতিলও হয়েছে। তা সত্ত্বেও নতুন প্রশিক্ষণ কর্মসূচির নামে সাক্ষাৎকার স্থগিতের এই পদক্ষেপে বিশ্বজুড়ে মার্কিন অভিবাসী ভিসা প্রত্যাশীদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

এসএইচ 

Link copied!