ছবি: সংগৃহীত
ওয়াজ মাহফিলের সুবক্তা হিসেবে পরিচিত মাওলানা হাবিবুর রহমান মিসবাহ। ধর্মীয় জ্ঞান বিলিয়ে কুড়িয়েছেন জনপ্রিয়তা। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়াজ মাহফিলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেছেন তাঁরই এক স্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মোসা. হুমায়রা জান্নাত। অভিযোগ পর্যালোচনা করে হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন বিচারক। বাদীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালে তাঁদের শরিয়াহসম্মত বিয়ে হয়। বর্তমানে তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বিয়ের সময় আগের চারটি বিয়ের তথ্য গোপন করেছিলেন এই বক্তা। পরবর্তীতে মোট নয়টি বিয়ের তথ্য জানতে পারেন বাদী। অধিকাংশ বিয়েই আইনসম্মত নিবন্ধনের তোয়াক্কা না করে সম্পন্ন হয়েছে। এমনকি বিপুল অঙ্কের ওয়াজ সম্মানী ও আর্থিক প্রভাবশালী অবস্থানকে ব্যবহার করে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগও সামনে এসেছে।
অভিযোগের তীর যাত্রাবাড়ী থানায় গেলেও সেখান থেকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে সিএমএম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে নালিশি আবেদন করেন ভুক্তভোগী। বাদীপক্ষের আইনজীবীর দাবি, ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সাধারণ ধর্মপ্রাণ নারীদের আবেগকে ব্যবহার করা হয়েছে।
ধর্মীয় প্রচার ও নীতি-নৈতিকতার বুলি আওড়ানো ব্যক্তিত্বদের এমন ব্যক্তিগত কেলেঙ্কারি সাধারণ ভক্তদের বিভ্রান্তিতে ফেলছে। ওয়াজের মঞ্চে যারা জীবন পরিবর্তনের শিক্ষা দেন, তাদের নিজেদের জীবনের এমন বিতর্কিত গল্প সমাজকে গভীর ভাবনায় ফেলে। সমন জারির মাধ্যমে এখন আইনি বিচার প্রক্রিয়া শুরু হলো, যা আগামী দিনে আদালতের এজলাসেই সুরাহা হবে।
এসএইচ