ডিসেম্বরকে ঘিরে মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৮:৪১ পিএম
ডিসেম্বরকে ঘিরে মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি

ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ডিসেম্বরে মহান বিজয় ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে দেশের সব মাদ্রাসার জন্য নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। দিবস দুটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনে প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ, সুপার, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বোর্ডের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মাদ্রাসাগুলোকে নির্ধারিত কর্মসূচি পালন করতে হবে।

বিজয় দিবস পালনে পাঁচটি কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে, বিজয়মেলা ও প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিশেষ দোয়া ও মোনাজাত।

নির্দেশনায় বলা হয়েছে, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা প্রতিটি মাদ্রাসা ভবনে উত্তোলন করতে হবে।

এদিন সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্টেডিয়াম বা সুবিধাজনক স্থানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হবে। এসব কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সুবিধাজনক সময়ে শিশু-কিশোরদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনেও সক্রিয় অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি ও হা-ডু-ডু প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।

১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে প্রতিটি মাদ্রাসায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে। এতে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করতে বলা হয়েছে।

অন্যদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে আগামী ১৪ ডিসেম্বর প্রতিটি মাদ্রাসায় বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে হবে। দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রতিষ্ঠানের সুবিধাজনক সময়ে এ অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে বোর্ড।

পিএস
 

Link copied!