ঢাকা: আমরা সবাই যেন নিজেদের জীবনে মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক বাণীতে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরো লেখেন, ঈদে মিলাদুন্নবী, এই দিনটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দুনিয়াতে আগমনের আনন্দ ও তার জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে উদযাপন করা হয়।
তিনি বলেন, পৃথিবীতে সৃষ্টির সেরা মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন দিবস মর্যাদাপূর্ণ, গুরুত্ববহ এবং আনন্দের। মহানবীর (সা.) আবির্ভাবে মানবজাতি অন্ধকার যুগ থেকে মুক্তি ও কল্যাণের সন্ধান পায়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাসুলের (সা.) দেখানো পথে মানুষ ন্যায় ও সৎ পথে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে। নিজের যোগ্যতা, সততা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, আত্মপ্রত্যয়, অসীম সাহস, ধৈর্য, সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস, নিষ্ঠা ও অপরিসীম দুঃখ-যন্ত্রণা ভোগ করে তিনি তার ওপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল-কোরআনের বাণী প্রতিষ্ঠা করেন।
তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) হলেন ‘রহমাতুল্লিল আলামীন’ বা সৃষ্টিকুলের জন্য রহমত। তিনি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। সমাজে অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত ও দুঃখী মানুষের সেবা, পরস্পরের প্রতি শ্রদ্ধা, পরমতসহিষ্ণুতা, দয়া, ক্ষমা এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় তার আদর্শ অতুলনীয়।
তারেক রহমান বলেন, আমি আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট প্রার্থনা করি, মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি। তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এআর
আপনার মতামত লিখুন :