লিটনের সেঞ্চুরিতেও পুঁজি বড় হল না বাংলাদেশের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:০৫ পিএম
লিটনের সেঞ্চুরিতেও পুঁজি বড় হল না বাংলাদেশের

ছবি : সংগৃহীত

ঢাকা: সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরির কল্যাণে ২৭৮ রান করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। 

দলীয় ৪৪ রানে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও। নিজের অভিষেক টেস্টে তামিম আউট হন ৩৪ বলে ২৬ রান করে।

দলীয় ১০৫ রানে ফেরেন সাবেক আরেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি ঢাকা টেস্টে ৭১ ও ২২ রান করে করলেও সিলেট টেস্টের প্রথম ইনিংসে ফেরেন ২৩ রানে।

মুশফিক আউট হওয়ার পর ব্যাট করতে নেমেই আউট হয়ে ফেরেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি ৬ বলে মাত্র ৪ রান করে ফেরেন।

১১৬ রানে স্বীকৃত ৬ ব্যাটসম্যান আউট হওয়ার পর একমাত্র ব্যাটসম্যান হিসেবে ক্রিজে ছিলেন লিটন কুমার দাস। তিনি দলকে গর্ত থেকে টেনে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন। সপ্তম উইকেটে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে ৬০ রানের পার্টনারশিপ গড়েন লিটন। ৪০ বলে ১৬ রান করে আউট হন তাইজুল।

এরপর অষ্টম উইকেটে পেস বোলার তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন লিটন। ২১৪ রানে অষ্টম উইকেট পতনের পর আরেক পেসার শরীফুল ইসলামের সঙ্গে জুটি গড়েন লিটন। 

নবম উইকেট ৬৬ রানের জুটি গড়ে দলকে তিনশ রানের (২৭৮) দুয়ারে নিয়ে গিয়ে আউট হন লিটন। হাসান আলীর বাউন্সি বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লিটন। তার আগে ১৫৯ বলে ১৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে খেলেন ১২৬ রানের ঝলমলে এক ইনিংস। 

পিএস

Link copied!