ছবি : সংগৃহীত
ঢাকা: আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় দেখতে স্টেডিয়ামে যাওয়ার পথে একদল আর্জেন্টিনা সমর্থক গুলির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনায় তাদের বহনকারী উবারের চালক পায়ে গুলিবিদ্ধ হন বলে সমর্থকদের দাবি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন-কে দেওয়া সাক্ষাৎকারে সমর্থকেরা জানান, ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে তারা উবারে করে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি চলন্ত গাড়ি তাদের গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দু’দফা গুলি ছোড়ে।
একজন সমর্থক বলেন, “প্রথমে আমরা ভেবেছিলাম টায়ার পাংচার হয়েছে। পরে দেখি চালকের পায়ে গুলি লেগেছে। ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ।”
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং থানায় নিয়ে গিয়ে বিবৃতি নেয়। পরে টহল গাড়িতে করে সমর্থকদের স্টেডিয়ামে পৌঁছে দেওয়া হয়।
সমর্থকদের দাবি, একই সময়ে আরও কয়েকটি গাড়িও গুলিবর্ষণের শিকার হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে তারা নিশ্চিত নন।
এদিকে কানসাস সিটি পুলিশ বিভাগের এক মুখপাত্র জানান, ওই সময় শহরের বিভিন্ন প্রধান সড়কে পরপর কয়েকটি গুলির ঘটনা ঘটেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব ঘটনার পেছনে একই সন্দেহভাজন ব্যক্তি জড়িত থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় তিনজন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোরসহ মোট চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে বিশ্বকাপ ম্যাচ বা ফিফার কোনো আয়োজিত কার্যক্রমের সরাসরি সম্পর্ক নেই বলেও জানানো হয়েছে।
ঘটনাটি বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। কানসাস সিটি চলমান বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর এবং এর আগে সম্প্রতি শহরটিতে আরেকটি আলোচিত গুলির ঘটনায় নয়জন আহত হয়েছিলেন।
উল্লেখ্য, ম্যাচে আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে জয় পায় এবং অধিনায়ক লিওনেল মেসি হ্যাটট্রিক করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পিএস
আপনার মতামত লিখুন :