ব্রাজিলের সম্ভাব্য একাদশ প্রকাশ, স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন যারা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৪:১২ পিএম
ব্রাজিলের সম্ভাব্য একাদশ প্রকাশ, স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন যারা

ফাইল ছবি

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ রাতে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। নকআউট পর্বের টিকিট নিশ্চিত করা এবং গ্রুপ সেরার মুকুট ধরে রাখার এই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ব্রাজিল শিবিরে বড় কোনো পরিবর্তনের আভাস না থাকলেও আক্রমণভাগে যুক্ত হচ্ছেন এক নতুন তরুণ তুর্কি।

বর্তমানে গ্রুপ টেবিলে মরক্কোর চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখার এই লড়াইয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় আলোচনা এখন ইনজুরির কারণে ছিটকে যাওয়া তারকা উইঙ্গার রাফিনিয়ার বিকল্প নিয়ে। সেই জল্পনার অবসান ঘটিয়ে আজ একাদশে দেখা যেতে পারে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়ানকে। অনুশীলনের চিত্র বলছে, ডান প্রান্তের আক্রমণভাগে তরুণ রায়ানকেই পরখ করে নিয়েছেন কোচ। লুইস হেনরিখকে নিয়ে বিকল্প পরীক্ষা-নিরীক্ষা করা হলেও, কোচের প্রথম পছন্দ এখন এই ১৯ বছর বয়সী বিস্ময় বালকই।

এদিকে আজকের ম্যাচে ব্রাজিলের অন্যতম দুই ভরসা ক্যাসেমিরো এবং ডগলাস সান্তোস রয়েছেন কার্ডের ঝুঁকিতে। আজ আর একটি হলুদ কার্ড পেলেই শেষ বত্রিশের নকআউট ম্যাচে দর্শক হয়ে মাঠের বাইরে বসে থাকতে হবে তাদের। তবে এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েও এই দুই অভিজ্ঞ তারকাকে বিশ্রামে রাখার পক্ষপাতী নন কোচ। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে বলেন, তারা সেরা একাদশ নিয়ে মাঠে নেমে একটা দারুণ ম্যাচ উপহার দেওয়া ছাড়া আর কিছুই ভাবছেন না। কার্ডের কথা চিন্তা করে আজ দল সাজানোর কোনো মানে নেই এবং রাফিনিয়ার বিকল্প তাদের মাথায় পরিষ্কার রয়েছে।

অন্যদিকে বিশ্বজুড়ে কোটি কোটি ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে, দলে ফিরছেন প্রাণভোমরা নেইমার জুনিয়র। তবে তিনি এখনও শতভাগ ম্যাচ-ফিট না থাকায় এখনই তাকে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নিচ্ছে না দলীয় ম্যানেজমেন্ট। ১০ নম্বর জার্সিধারী এই তারকা আজ শুরু করবেন সাইডবেঞ্চ থেকে। ম্যাচের পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী দ্বিতীয়ার্ধের শেষভাগে তাকে মাঠে নামানো হতে পারে। সব মিলিয়ে এক রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

এসএইচ

Link copied!