কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াইয়ের পরও জয় নিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:৫৮ এএম
কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াইয়ের পরও জয় নিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

অবিশ্বাস্য, নাটকীয় এবং সম্ভবত বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর খেলা উপহার দিলো আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বিশ্বকাপের নবাগত দেশটি বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ মিনিট পর্যন্ত হাল ছাড়েনি।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এমন কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে, ম্যাচের শুরুতে হয়তো খুব কম মানুষই ভেবেছিলেন। কিন্তু বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে লিওনেল মেসিদের ১২০ মিনিটের শেষ মুহূর্ত পর্যন্ত চাপে রেখে ইতিহাস গড়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের ৩০ মিনিটে দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। লিসান্দ্রো মার্তিনেজের লংবল থেকে বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়ে গোল করেন তিনি। এটি ছিল বিশ্বকাপে মেসির বিশতম গোল। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে সমতা ফেরায় কেপ ভার্দে। বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক শটে গোল করেন দোরি দুয়ার্তে। এরপর দুই দলই আরও কয়েকবার গোলের কাছাকাছি গিয়েছিল। মেসির দুটি ফ্রি কিক ও একটি শট ঠেকিয়ে দেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতেই আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির কর্নার থেকে ফিরতি বলে গোল করেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি দলটি। সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত শটে আবারও সমতা ফেরায় কেপ ভার্দে।

শেষ পর্যন্ত ম্যাচের ১১১ মিনিটে জয়সূচক গোলটি করেন ক্রিস্তিয়ান রোমেরো। মেসির কর্নার থেকে হেডে বল জালে জড়ান তিনি। এরপর কাবরালের আরেকটি দুর্দান্ত ফ্রি কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখেই ৩-২ গোলের জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

এম

Link copied!