দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৮:৩৪ এএম
দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

ঢাকা: দেশের ৯টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

শনিবার (২০ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা এক সতর্কবার্তায় বলা হয়, দিনের প্রথমার্ধে রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

ঝড়ো আবহাওয়ার এই পূর্বাভাসের কারণে উল্লিখিত ৯টি জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে  শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এই সময়ের মধ্যে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এসআই

Link copied!