টানা বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৮:১২ পিএম
টানা বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ঢাকা: গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এ ধারাবাহিকতা আগামী ২ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

শনিবার (১১ জুলাই) বৃষ্টি নিয়ে এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিন সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে অফিসগামী মানুষ ও নিম্নআয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘গত ৩-৫ দিনে দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে গত ২৪ ঘণ্টায় সেই বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। আগামী ২৪ ঘণ্টায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করবে।

তার ভাষ্য, ‘রোব ও সোমবারও (১২-১৩ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকবে। তবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে।’

এদিকে, আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

এসআই

Link copied!