সাগরে লঘুচাপ, ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৯:৩৪ এএম
সাগরে লঘুচাপ, ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শনিবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। 

সংস্থাটি জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের আট জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলেও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এম

Link copied!