ঢাকা: দুধসহ সব ধরনের পণ্যের দাম বাড়িয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটা। প্রতিষ্ঠানটি প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করেছে।
বুধবার (১ জুন) থেকে এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড ব্যবস্থাপক (বিপণন-মিরপুর) শহীদুর রহমান। তিনি বলেন, দুদিন আগে (২৯ মে) দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
বুধবার বিশ্ব দুগ্ধ দিবস। ‘পরিবেশ, পুষ্টি ও আর্থসামাজিক ক্ষমতায়নে টেকসই ডেইরি সেক্টর’- এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে দিবসটি পালন করা হয়েছে।
গো-খাদ্যসহ সব ধরনের পণ্যের দাম বেশি হওয়ায় উৎপাদন ও সরবরাহ খরচ বেড়েছে। এছাড়া বাজারের সঙ্গে বাস্তবতার নিরিখে সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সরকারি দুগ্ধজাত উৎপাদনকারী এ সংস্থাটি।
নতুন দাম অনুযায়ী, আজ থেকে (১ জুন) গ্রাহক পর্যায়ে প্রতি লিটার প্যাকেটজাত তরল দুধে ৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা। আগে যা ৭৫ টাকা ছিল। এ ছাড়া আধা লিটারের প্যাকেট ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা করা হয়েছে। ২৫০ মিলি প্যাকেটের দাম নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা; যা এতোদিন বিক্রি হয়েছে ২২ টাকায়।
মিল্ক ভিটা পাস্তুরিত তরল দুধ, টোল্ড মিল্ক, ফ্লেভার্ড মিল্ক, ঘি, মাখন, ননিযুক্ত গুঁড়া দুধ, ননিবিহীন গুঁড়া দুধ, মিষ্টি দই, টক দই, রসগোল্লা সন্দেশ, চিজ, কেকসহ ২২ ধরনের পণ্য বাজারজাত করে আসছে। সব ধরনের পণ্যের দামই বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
দাম বাড়ার কারণ হিসেবে মিল্ক ভিটার মহাব্যবস্থাপক (বিপণন) মইনুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, এখন গো-খাদ্য থেকে শুরু করে সব ধরনের পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পশুর খাদ্যে দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোও দাম বাড়িয়েছে। সব কিছু বিবেচনায় নিয়ে আগেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ থেকে কার্যকর হয়েছে।
সোনালীনিউজ/আইএ