ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন, চার দফা দাবি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:২৭ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। রোববার (২৪ মে) সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তারা ব্যাংক পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও অনিয়ম বন্ধের দাবি জানান।

কর্মসূচিতে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো:
১. ব্যাংকের এমডি অপসারণ করা হলে চেয়ারম্যানকেও অপসারণ করতে হবে।
২. দলীয় ও বেআইনি নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
৩. এস আলমকে শাস্তির আওতায় আনতে হবে এবং গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দিতে হবে।
৪. গ্রাহকদের আমানতের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় মানববন্ধনস্থলে সংক্ষিপ্ত সময়ের জন্য পথচারীদের ভিড় তৈরি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

পিএস