ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারকাজ সম্পন্ন করা হবে।
রোববার (২৪ মে) সচিবালয় সাংবাদিকদের সংগঠন- বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসার মামলার ব্যাপারে আজকেই চার্জশিট দেওয়া হবে। ছুটির মধ্যে স্পেশাল কোর্ট বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচারকাজ শেষ করা হবে। আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এই মামলায়।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের খবর আসলেও এই সরকার মানুষের কাছে খুব স্বচ্ছ থাকতে চায়। সাংবাদিকদের আয়নায় এই সরকার নিজেদের দেখাতে চায়।
সালাহউদ্দিন আহমদ বলেন, এই সরকার অবশ্যই মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে লাগামহীনভাবে যদি সেই স্বাধীনতাকে ব্যবহার করা হয়, তাহলে সামাজিক শান্তি নষ্ট হয়। সামাজিক কিছু বয়ানের মধ্য দিয়ে মানুষের, সমাজের সম্মান নষ্ট হলে সেই স্বাধীনতা হতে দেওয়া যাবে না।
এ সময় সামাজিক মাধ্যম ব্যবহার করে যারা অসামাজিক কাজ করছে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পিএস