ছবি: সংগৃহীত
রাজনৈতিক অঙ্গনে ‘সেফ এক্সিট’ নিয়ে চলমান আলোচনার মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে উপদেষ্টারা দায়মুক্ত হতে পারবেন না। জনগণের পক্ষে গণঅভ্যুত্থানে পাওয়া দায়িত্ব সঠিকভাবে বাস্তবায়ন করলেই কেবল ‘সেফ এক্সিট’ সম্ভব।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে রংপুর নগরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আবু সাঈদ চত্বরে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, “উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা শুধু ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে চান। কিন্তু জনগণ যেভাবে তাদের দায়িত্ব দিয়েছে, সেটি পূর্ণভাবে বাস্তবায়ন না করে কোনোভাবেই সেফ এক্সিট পাওয়া সম্ভব নয়। পলায়নপর মানসিকতা থেকে বেরিয়ে এসে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।”
তিনি বলেন, “যেসব সেনা, র্যাব, পুলিশ, বিজিবি সদস্য জুলাই আন্দোলনের সময় জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। যারা তখন জনগণের পক্ষে ছিলেন, তাদের আমরা সাধুবাদ জানাই।”
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য জোট প্রসঙ্গে আখতার হোসেন বলেন, “এনসিপি ইতিমধ্যে নিবন্ধন পাওয়ার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করেছে। এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা হয়নি। তবে জাতীয় স্বার্থে প্রয়োজন হলে আদর্শিক জায়গা থেকে জোটের বিষয়ে বিবেচনা করা যেতে পারে।”
জুলাই সনদ নিয়ে তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে সরকার আশ্বস্ত করেছে। গণভোটের মাধ্যমে সংসদকে ক্ষমতা দিয়ে বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে। এনসিপি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে।”
তবে তিনি সতর্ক করে বলেন, “সরকার যেন জুলাই ঘোষণাপত্রের মতো একপেশে আচরণ না করে। সনদের বাস্তবায়নে কোনো দলের প্রভাব নয়, জনগণের প্রত্যাশাই যেন প্রতিফলিত হয়।”
নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ করা না গেলে কিংবা বিচার সংস্কার দৃশ্যমান না হলে, নির্বাচনের মহোৎসব সফল হবে না। সরকারকে এমনভাবে কাজ করতে হবে যাতে নির্বাচন সব দলের কাছে গ্রহণযোগ্য হয়।”
আখতার হোসেন আরও বলেন, “যেসব কর্মকর্তা খুন, গুম ও নির্যাতনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অনেকের বিচার চলছে। যাদের এখনো গ্রেপ্তার করা হয়নি, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”
এ সময় রংপুর জেলা এনসিপির আহ্বায়ক আসাদুল্লাহ গালিব, যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন, আলাল উদ্দিন কাদেরী শান্তি প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে আখতার হোসেন রংপুর শহরের ছোট নুরপুর কবরস্থানে সদ্য প্রয়াত জেলা বিএনপি সদস্যসচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি পীরগাছার নব্দীগঞ্জ বাজারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
এসএইচ







































