• ঢাকা
  • রবিবার, ২৪ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেরপুরে ৫ম শ্রেণির শিশুকে ধর্ষণ, গর্ভপাতের অভিযোগে মামলা


শেরপুর প্রতিনিধি মে ২৪, ২০২৬, ০৯:৩১ এএম
শেরপুরে ৫ম শ্রেণির শিশুকে ধর্ষণ, গর্ভপাতের অভিযোগে মামলা

শেরপুর: শেরপুর পৌর শহরের ঢাকলহাটি মহল্লায় ৫ম শ্রেণি পড়ুয়া শিশুকে ধর্ষণ এবং পরবর্তীতে অন্তঃসত্ত্বা হওয়ায় গর্ভপাতের অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ মে) নির্যাতনের শিকার ওই শিশুর পরিবার বাদী হয়ে স্থানীয় যুবক কাউছার (২৪), সুন্নত আলী সন্তু (৬০) সহ আরও কয়েকজনের নামে সদর থানায় মামলা করেন।

ভুক্তভোগী পরিবার ও মামলার বিবরণ থেকে জানা যায়, শিশুটিকে বিভিন্ন সময় স্থানীয় শাহিন মিয়ার ছেলে কাউছার মিয়া ফুসলিয়ে ধর্ষণ করেন। একাধিকবার এমন ঘটনা ঘটে। পরে একপর্যায়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। 

শিশুটির শারীরিক গঠনে পরিবর্তন হলে কাউসার মিয়া অন্যান্য আসামিদের সহযোগিতায় গর্ভপাত করান। গর্ভপাতে ব্যাপক রক্তক্ষরণ হয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়েন। এদিকে বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল চাপ প্রয়োগ করে। পরে শুক্রবার (২২ মে) শিশুটির মা আশঙ্কাজনক অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করান। 

শিশুটির মা জানান, আমার মেয়েকে ফুসলিয়ে ধর্ষণ করেছে। আবার গর্ভপাত করান, এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে আমার মেয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার তাহেরাতুল আশরাফী বলেন, ১২ বছরের একজন কন্যাশিশুকে গাইনি ওয়ার্ডে গতকাল ভর্তি করা হয়েছে। যেহেতু এটি একটি পুলিশ কেস, তাই আমরা কিছুটা অপেক্ষা করছি। মেডিকেল বোর্ড বসে পরবর্তী বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হবে। 

অন্তঃসত্ত্বার বিষয়ে এই চিকিৎসক আরও বলেন, আগামীকাল বিস্তারিত বলা যাবে। আর বাকি বিষয়গুলো মেডিকেল বোর্ড গঠনের পর জানানো হবে তার চিকিৎসা চলমান।

এসআই

Link copied!