ছবি: প্রতিনিধি
পবিত্র রমজান মাসে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজশাহীতে মহানগরের প্রতিদিন ১৫টি স্থানে এই পণ্য বিক্রি চলছে। চাহিদা মেটাতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন। টিসিবির পণ্য কিনতে ব্যাপক ভিড় দেখা গেছে।
তবে চাহিদার তুলনায় পণ্য কম থাকায় ঘণ্টা দুয়েকের মধ্যেই বিক্রি শেষ হয়ে যাচ্ছে। ফলে পণ্য কিনতে এসে অনেকে ফিরছেন খালি হাতে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নগরের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, টিসিবির ট্রাকের পেছনে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইন।
স্বল্পমূল্যে নিত্যপণ্য পেতে বিভিন্ন পয়েন্টে টিসিবির ট্রাকের সামনে ক্রেতাদের ভিড় দেখা যায়। এখানে প্রয়োজনীয় পণ্য কিনতে আসছেন নানা শ্রেণি-পেশার মানুষ। তবে ভোগান্তিও কম নয়।
সকাল ১০টার মধ্যে ট্রাক আসার কথা থাকলেও অনেক জায়গায় তা দুপুর ১২টার পর আসে। আবার মানুষের চাহিদার তুলনায় ট্রাকে পণ্যের পরিমাণ কম থাকায় লাইনে দাঁড়িয়েও অনেকে পণ্য কিনতে পারেন না। দীর্ঘ সময় অপেক্ষার পর অনেককে খালি হাতেই ফিরতে হচ্ছে।
টিসিবি জানিয়েছে, প্রতিটি ট্রাক থেকে ৫৯০ টাকায় পাঁচ ধরনের পণ্যের একটি প্যাকেজ বিক্রি করা হচ্ছে। এতে রয়েছে ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা ও আধা কেজি খেজুর। সব পণ্য একসঙ্গে নিতে হচ্ছে। এবার প্রতি ট্রাক থেকে একসঙ্গে ৪০০ জন পণ্য কিনতে পারছেন। গত বছর শুরুতে ১০টি পয়েন্টে ২০০ জন করে পণ্য বিক্রি করা হয়েছিল।
অভিযোগ রয়েছে, লাইনে দাঁড়িয়ে কেউ কেউ একাধিকবার পণ্য কিনছেন। পরে সেগুলো খোলাবাজারে বিক্রি হচ্ছে। আবার ডিলারের ঘনিষ্ঠ হলে আগে পণ্য দিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এতে নিম্নবিত্ত অনেকেই বঞ্চিত হচ্ছেন। লাইনে দাঁড়ানো নিয়ে হুড়োহুড়ি হচ্ছে, কখনও তা হাতাহাতির পর্যায়েও যাচ্ছে। শেষ পর্যন্ত পণ্য না পেয়ে অনেকেই হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন।
নগরের দরগাপাড়া এলাকার শাহ মখদুম মাজার গেটের সামনে পণ্য কিনতে আসা আয়েশা বেগম বলেন, সকাল ৯টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। প্রায় এক হাজার মানুষ লাইনে থাকলেও ট্রাক আসে দুপুরের দিকে। রোজা রেখে রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তবু পণ্য পাবেন কি না নিশ্চিত নন।
সাহেববাজার বড় মসজিদ এলাকার কাছে পণ্য নিতে আসা আলমগীর হোসেন বলেন, বাজারের চড়া দামের তুলনায় টিসিবির তেল, চিনি, ডাল ও খেজুর কমে পাওয়া যায় বলেই লাইনে দাঁড়িয়েছেন। সংসারের বাড়তি খরচের চাপে এই পণ্য কিছুটা স্বস্তি দেয়। তবে তাঁর অভিযোগ, পণ্য বিতরণে পক্ষপাতিত্ব হচ্ছে এবং কেউ কেউ দুইবারও নিচ্ছেন।
এ বিষয়ে টিসিবির রাজশাহী অঞ্চলের উপপরিচালক আতিকুর রহমান বলেন, পণ্যের দাম কম হওয়ায় একটি চক্র একাধিকবার লাইনে দাঁড়িয়ে পণ্য নিয়ে খোলাবাজারে বিক্রি করে। তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্যদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ফলে অনেকেই শেষ পর্যন্ত পণ্য পান না।
তিনি বলেন, প্রতারকদের ঠেকাতে প্রয়োজনীয় বাড়তি জনবল নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। তাঁদের সহযোগিতা পেলে বিশৃঙ্খলা কমবে এবং স্বাভাবিকভাবে পণ্য বিক্রি করা সম্ভব হবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :