ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন গ্রামে বসন্তের আগমনে গাছে গাছে শোভা ছড়াচ্ছে শ্বেতশুভ্র সজনে ফুল। ডালে ডালে থোকায় থোকায় ঝুলে থাকা এই ফুল গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করছে এবং স্থানীয়ভাবে উচ্চ পুষ্টিগুণের কারণে সুস্বাদু সবজি হিসেবেও জনপ্রিয়।
সরেজমিনে দেখা গেছে, জেলার রাস্তা-পথ, বসতবাড়ির আঙিনা এবং পরিত্যক্ত জায়গায় সজনে গাছ সাদা ও হলুদাভ ফুলে ছেয়ে গেছে। ফুলের সৌন্দর্যে স্থানীয়রা মুগ্ধ; অনেকেই হাঁটার সময় বা যাতায়াতের সময় থমকে দাঁড়িয়ে ফুল উপভোগ করছেন। শিশু-কিশোররা ঝরা ফুল কুড়িয়ে নিচ্ছেন।
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, সজনে একটি ঔষধি উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম মরিঙ্গা ওলিফেরা। এটি মরিঙ্গা পরিবারভুক্ত, খরা সহিষ্ণু এবং গ্রীষ্মপ্রধান অঞ্চলের উদ্ভিদ। এর কাঁচা ফল সবজি হিসেবে এবং পাতা শাক হিসেবে ব্যবহার করা হয়। ডাল ও বীজ বা অঙ্গজ প্রজননের মাধ্যমে বংশবিস্তার সম্ভব।
সজনে ফুলেও রয়েছে ঔষধি গুণ। এতে ব্যাকটেরিয়ার সঙ্গে লড়ার ক্ষমতা আছে এবং নানা রোগ প্রতিরোধে সহায়তা করে। ফল প্রোটিন যোগায়, পাতা ও ফুলে আছে ভিটামিন এ, বি১, বি২, বি৩, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাগনেশিয়াম ইত্যাদি।
কৃষিবিদ কামাল উদ্দিন মোল্লা বলেন, সজনে ফুলের সৌন্দর্যের পাশাপাশি এটি পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ভেষজ গাছ। এর ডাটা বাজারে চাহিদা রয়েছে, দামও ভালো। পাতা, ফল ও ফুল স্বাস্থ্যকর এবং পরিচিত একটি গাছ হিসেবে স্থানীয় মানুষের মধ্যে জনপ্রিয়।
এসএইচ
আপনার মতামত লিখুন :