ছবি: প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নাম পুনরায় পরিবর্তন করে ‘জিয়ানগর উপজেলা’ রাখা হয়েছে। এ–সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, ২০ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে, ২০০২ সালের ২৭ মার্চ পিরোজপুর সদর উপজেলার পারেরহাট, বালিপাড়া ও পত্তাশী ইউনিয়নের ৯৪ দশমিক ৫৯ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ১৯৭৬ সালে গঠিত ইন্দুরকানী থানাকে উপজেলা হিসেবে পুনর্গঠন করা হয়। প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ৮৭তম বৈঠকে ইন্দুরকানী থানাকে ‘জিয়ানগর উপজেলা’ নামে নামকরণের প্রস্তাব উত্থাপন করা হয়। সে সময় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এ উদ্যোগে ভূমিকা রাখেন।
পরবর্তীতে ২০০২ সালের ২১ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্দুরকানী সফর করে ‘জিয়ানগর উপজেলা’ নামে নতুন উপজেলার উদ্বোধন করেন।
এরপর ২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা–র সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার সভায় পুনর্বিবেচনার পর উপজেলার নাম পরিবর্তন করে আবার ‘ইন্দুরকানী’ রাখা হয়।
জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ বলেন, পুনরায় জিয়ানগর নাম ফিরে পাওয়ায় দলের নেতাকর্মীরা আনন্দিত। তাঁর দাবি, রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই আগে নাম পরিবর্তন করা হয়েছিল।
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর একই বছরের ৫ সেপ্টেম্বর তিনি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ–এর কাছে ইন্দুরকানী নাম পরিবর্তন করে পুনরায় জিয়ানগর করার দাবিতে তিন হাজার মানুষের স্বাক্ষরসংবলিত স্মারক জমা দেন।
তিনি আরও জানান, তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় জনমত যাচাইয়ে উপজেলার তিন স্থানে জনসমীক্ষার জন্য একটি টিম পাঠায়। পরে চলতি বছরের শুরুতে তিনি উপদেষ্টা আদিলুর রহমান খান–এর সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, নিকার সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। গত ৬ মাঘ ১৪৩২ তারিখের নিকার সভায় ইন্দুরকানীকে পুনরায় ‘জিয়ানগর’ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ২৪ ফেব্রুয়ারি ২০২৬ এ সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি হয়; এখন তা গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা নাম পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :