নড়াইলে খুচরা সার বিক্রেতাদের বহালের দাবিতে মানববন্ধন

  • নড়াইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৩:৪৪ পিএম
নড়াইলে খুচরা সার বিক্রেতাদের বহালের দাবিতে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে নড়াইলে মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন বিক্রেতারা।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়। খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নড়াইল জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত নীতিমালা–২০২৫’ বাস্তবায়নের লক্ষ্যে প্রকাশিত নীতিমালায় দেশজুড়ে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করার কথা বলা হয়েছে। এতে আলাদাভাবে খুচরা সার বিক্রেতা রাখার সুযোগ থাকবে না। আগামী ৩১ মার্চের পর থেকে তারা আগের নিয়মে সার ক্রয়-বিক্রয় করতে পারবেন না।

তাদের দাবি, এ সিদ্ধান্ত কার্যকর হলে খুচরা সার বিক্রেতারা পরিবার-পরিজন নিয়ে মারাত্মক বিপাকে পড়বেন। তাই তাদের বহাল রেখে আগের মতো কার্যক্রম চালুর সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক সফিকুল আলম, খুচরা সার ব্যবসায়ী রেজাউল ইসলাম ও মাহমুদুল হাসান তাপস প্রমুখ। এ সময় সংগঠনের সদস্যসচিব মানোয়ার হোসেন, মো. আসলাম মোল্যা, তরফদার সিরাজুল ইসলাম, জিয়াউর রহমান, মোস্তাফিজ রহমান ও মো. খুরশিদসহ জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দুই শতাধিক খুচরা সার বিক্রেতা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Link copied!