বরিশালের মুলাদী উপজেলায় এক বিধবা বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভুক্তভোগী নারী বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা হালিম ব্যাপারী (৬০) ও মাসুদ খন্দকার (৪০)।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২২ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা কৌশলে ওই নারীর ঘরে প্রবেশ করেন। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং পুরো ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর ভিডিওটি প্রকাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী নারী স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন।
বরিশাল মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলার কপি থানায় পৌঁছেছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এদিকে অভিযুক্ত হালিম ব্যাপারী ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তবে অপর আসামি মাসুদ খন্দকার ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।
ঘটনাটি প্রকাশের পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত তদন্ত শেষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এম
আপনার মতামত লিখুন :