দায়িত্ব পালনে গিয়ে মামলার আসামি হলেন সাংবাদিক!

  • শরীয়তপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:০৮ পিএম
দায়িত্ব পালনে গিয়ে মামলার আসামি হলেন সাংবাদিক!

ছবি : প্রতিনিধি

শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের উপর হামলার ঘটনায় চাঁদাবাজি ও চাঁদা দাবির অভিযোগ এনে ৮ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় চার নম্বর আসামি করা হয়েছে স্টার নিউজের শরীয়তপুর প্রতিনিধি সাংবাদিক মিরাজ শিকদারকে। অথচ তার দাবি ঘটনার সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন, যা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে।

ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগে সংবাদ প্রকাশ করায় পূর্বের ক্ষোভের বশবর্তী হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ সাংবাদিকের।

ভুক্তভোগী, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত রোববার সকালে সিএনজিচালিত অটোরিশাযোগে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার বিদ্যালয়ের ফটকে গেলে কয়েকজন তরুণ তাকে টেনেহিঁচড়ে মারধর করতে শুরু করেন। একপর্যায়ে মারধর শেষে আবার কয়েকজন তরুণ তাকে অটোরিকশায় উঠিয়ে দেন। পরে সুজিত কর্মকার প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে নিরাপত্তার অভাববোধ করলে সেখান থেকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। পরে এ ঘটনায় গত সোমবার দুপুরে সুজিত কর্মকার ৮ জনের নাম উল্লেখসহ ৮/৯ জন অজ্ঞানামা আসামি করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ডামুড্যায় বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাদাবি ও হামলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন (৫০), আশিক বেপারী (৩৫), সাহিন মাদবর (৫২), মিরাজ সিকদার (৪৫), মিঠু শিকদার (২৫), শাহ-আলম (৪২), ইপ্তি সরদার (৩০) ও আলিফ সিকদার (২৮)।

ঘটনার দিনের ভিডিও ফুটেজে দেখা যায়, সুজিত কর্মকারকে যখন মারধর করা হচ্ছিলো তার অদূরে দাঁড়িয়ে অন্যান্য সহকর্মীদের সাথে স্টার নিউজের সাংবাদিক মিরাজ শিকদার ভিডিও ধারণ করছেন। পেশাগত দায়িত্ব পালনে গিয়ে এমন মামলায় আসামি হয়ে ক্ষোভ জানিয়েছেন মিরাজ শিকদার।

মিরাজ শিকদার বলেন, শিক্ষক সুজিত কর্মকার ফ্যাসিস্টের দোসর ছিলো। সে সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সাথে আঁতাত করে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়াও তিনি অনেক শিক্ষার্থীদের যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ আছে। এমনকি তখন তিনি সাংবাদিকদের হুমকি অবধি দিয়েছিলেন। আমি তখন পেশাগত দায়িত্ব হিসেবে তার ওইসকল ঘটনায় নিউজ করেছিলাম। সেই ক্ষোভেই তিনি তার উপর মারধরের ঘটনায় আমাকে জড়িয়ে আসামি করেছেন, এটি আসলেই দুঃখজনক। আমি আশা করি এই মিথ্যা মামলা থেকে আমার রেহাই মিলবে।

পেশাগত দায়িত্ব পালনে গিয়ে সাংবাদিককে মামলায় জড়ানোয় ক্ষোভ জানিয়েছেন সাংবাদিক নেতারা। শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আমিন রবীন বলেন, একজন গণমাধ্যমকর্মী যদি দায়িত্ব পালনে গিয়ে ব্যক্তিগত রেষারেষির বা অন্যকারণে তাকে মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় সেটি স্বাধীন গণমাধ্যমের উপর হস্তক্ষেপ। প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আমাদের সহকর্মীকে কেন বিনা কারণে আসামি করা হলো সেটি তারা খতিয়ে দেখবে এবং তাকে এই মামলা থেকে অব্যাহতি দিবে।

মামলায় সাংবাদিককে কেন অন্তর্ভুক্ত করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার বলেন, মারধরের ঘটনার মাস্টারমাইন্ড মিরাজ শিকদার। উনি আর সহকারী প্রধান শিক্ষক যোগসাজোস করে ওনাদের বাহিনী দিয়ে আমার উপর হামলা চালিয়েছে। পরে সে ভিডিও ধারণ করেছে।

এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা আদালত থেকে এখন পর্যন্ত মামলা সংক্রান্ত কাগজ হাতে পাইনি। পেলে বিস্তারিত জানাতে পারবো।

পিএস

Link copied!