ছবি : সংগৃহীত
জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), স্ত্রী ইকরামা (২৩) এবং তাদের আট মাস বয়সী মেয়ে রিফা এবং মেলান্দহ পৌরসভার বকুলতলা এলাকার শওকত হাসান লিখন আকন্দ (৪৫)। আহতরা হলেন– অটোরিকশাচালক হযরত আলী ও যাত্রী শাকিল মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘জামালপুর শহরগামী একটি ট্রাক প্রথমে ইসলামপুরগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এরপর ট্রাকটি মেলান্দহগামী একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। মোটরসাইকেলচালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত অটোরিকশার চালক ও যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটি আটক করা হয়। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।’
এসআই