স্কুল ব্যাগে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

  • কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩, ০৩:২৯ পিএম
স্কুল ব্যাগে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

রংপুর: রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ তাজুল ইসলাম এবং শহিদুল ইসলাম নামে দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় বাসটি জব্দ করেছে পুলিশ। 

গ্রেপ্তার তাজুল ইসলাম নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাংটি হাজিবাড়ি এলাকার মৃত আরব আলীর ছেলে এবং শহিদুল ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নিলুর খামার এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফরহাদ মন্ডলের নেতৃত্বে এসআই ওসমান গনি, এসআই রাসেল পারভেজ, এএসআই আশিক, আনোয়ার, মাহবুবর, বিপ্লবসহ পুলিশের একটি দল কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি ঢাকাগামী বাসে তল্লাশি চালায়। তল্লাশির সময় চালকের সিটের পিছনে স্কুল ব্যাগে লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় মাদক কারবারির অপরাধে বাসের ড্রাইভার তাজুল ইসলাম ও সুপারভাইজার শহিদুল ইসলামকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।

ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক দুইজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/আইএ

Link copied!