বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। যার মধ্যে ছাত্রশিবিরের ২০ জন এবং ছাত্রদলের ৫ জন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী সরকারি কলেজে এ ঘটনা ঘটে ।
আহতরা জানিয়েছেন, ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান প্রস্তুতি চলাকালীন সময়ে ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার সময় কলেজে ভাঙচুর ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। গুরুতর আহতদের মধ্যে ৬ জনকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
ছাত্রশিবিরের বরিশাল জেলা সভাপতি মো. আকবর হোসেন ও জেলা সেক্রেটারি সাইদ আহম্মেদ জানান, হামলার নেতৃত্ব দিয়েছেন মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন, সেক্রেটারি বেল্লাল, কলেজ শাখা সভাপতি রিফাত মল্লিক ও সেক্রেটারি কাওসার। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অপর দিকে, ছাত্রদল অভিযোগ অস্বীকার করেছে। তাদের উপজেলা আহ্বায়ক জানিয়েছেন, শিবির নেতারা কলেজে প্রবেশে বাধা দিয়ে ছাত্রদলের পাঁচজন নেতাকর্মীকে মারধর করেছেন। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
ঘটনার পর মুলাদী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ হামলায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
পিএস
আপনার মতামত লিখুন :