ছবি: প্রতিনিধি
নীলফামারীতে তিস্তা সেচ ক্যানেলের দিনাজপুর খালের বাঁধ ধ্বসে শতাধিক একর ফসলী জমি প্লাবিত হয়ে তলিয়ে গেছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়া এলাকায় দিনাজপুর ক্যানেলের বাঁ তীরের বাঁধে ভাঙনের সৃষ্টি হয়। এতে অন্তত ২০ ফিট বাঁধ ধসে যায়। ফাটলের কারণে ক্যানেলের পাশ্ববর্তী শতাধিক একর জমির সরিষা, বোরো চারা, ভুট্টা, আলু ও রবি ফসল পানিতে তলিয়ে যায়।
ওই এলাকার কৃষক আব্দুর রহমান বলেন, চলতি বোরো মৌসুমের জন্য (খরিপ-১) ১৫ জানুয়ারি থেকে তিস্তা সেচ প্রকল্প থেকে পানি দেওয়া শুরু হয়েছে। ওই সেচের পানি পেয়ে কৃষকরা দুই ধারে বোরো চারা রোপণ করেছেন এবং বিভিন্ন ফসলের সেচ দিয়েছেন।
তিনি বলেন, “সোমবার দুপুরে ক্যানেলের বাঁ তীর ভেঙে আমার জমিসহ পাশ্ববর্তী শতাধিক একর জমিতে পানি প্রবাহিত হয়েছে। এর আগে ২০১৫ ও ২০২৪ সালে একই ক্যানেলের বাঁধ ভেঙে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছিল।”
ক্ষতিগ্রস্ত কৃষকরা নীলফামারী-পঞ্চপুকুর সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করেন। পরে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুর রহমান ঘটনাস্থলে গেলে কৃষকদের জটিল পরিস্থিতির মুখোমুখি হন।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, বাঁধে ভাঙনের কারণ ইঁদুরের গর্ত। সেচের জন্য পানি ছাড়ার সঙ্গে গর্তের কারণে বাঁধ বা পাড় ধসে গেছে। তিনি জানান, “যেহেতু বোরো আবাদ ইতিমধ্যে শুরু হয়েছে, আমরা দ্রুত মেরামত করে সেচ কার্যক্রম পুনরায় চালু করার চেষ্টা করছি।”
এসএইচ
আপনার মতামত লিখুন :