সেপটিক ট্যাংকে মিলল কলেজ ছাত্রের হাত-পা বাঁধা মরদেহ 

  • লক্ষ্মীপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০১:৫৭ পিএম
সেপটিক ট্যাংকে মিলল কলেজ ছাত্রের হাত-পা বাঁধা মরদেহ 

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নিখোঁজের ৭ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ফজলে রাব্বি (২২) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাঘ গ্রামের শেখের বাড়ির একটি সেপটিক ট্যাংক থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত ফজলে রাব্বি সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটওয়ারী বাড়ির বেল্লাল হোসেনের ছেলে ও চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের স্নাতকের ছাত্র ছিলেন। 

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৮ জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি বাজারে গিয়েছিলেন রাব্বি। এরপর থেকে তাঁর খোঁজ মিলছিল না। তাঁকে খোঁজাখুঁজির পরও না পেয়ে পরদিন তাঁর বাবা চন্দ্রগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, লাশটি অর্ধগলিত হওয়ায় শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, কেউ তাঁকে খুনের পর সেপটিক ট্যাংকের ভেতর লাশটি ফেলে দেয়। এ ঘটনায় শনিবার দিবাগত রাতে একটি মামলা করেছেন নিহত কলেজছাত্রের বাবা। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, যেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, এর চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। কৌতূহলবশত দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর লাশটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। 

পিএস

Link copied!