বিস্ফোরক মামলার পলাতক আসামি বিএনপি প্রার্থীকে প্রকাশ্যে ফুলের মালা 

  • শরীয়তপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:১৬ পিএম
বিস্ফোরক মামলার পলাতক আসামি বিএনপি প্রার্থীকে প্রকাশ্যে ফুলের মালা 

ছবি: প্রতিনিধি

জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে বিস্ফোরক মামলার পলাতক আসামী নুরুল ইসলাম বেপারী সম্প্রতি বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদকে প্রকাশ্যে ফুলের মালা পরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি বিলাসপুরের মুলাই বেপারি কান্দি এলাকায় ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণে তিনজন নিহত হন। ঘটনার পর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে। মামলায় প্রধান আসামী করা হয় নুরুল ইসলাম বেপারীকে। পরে তার ভাইসহ ১১ জন গ্রেফতার হলেও নুরুল ইসলাম পলাতক থাকে।

স্থানীয়রা জানান, পলাতক আসামীরা মাঝে মাঝে এলাকায় এসে হুমকি ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। সম্প্রতি ৬ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার সময় নুরুল ইসলাম প্রকাশ্যে বিএনপি প্রার্থী সাঈদ আহমেদকে ফুলের মালা পরিয়ে দেন। এই ১২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

জাজিরা থানা সূত্র জানায়, নুরুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক আইনে ৭টি ও দাঙ্গা-হাঙ্গামায় ১১টি মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ফায়দার কারণে পলাতক আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তানভীর হোসেন বলেন, “পলাতক নুরুল ইসলাম এক প্রার্থীকে নির্বাচনী প্রচারণার সময় প্রকাশ্যে মালা পরানোর বিষয়টি সামাজিক মাধ্যমে দেখেছি। তাকে আইনের আওতায় আনার জন্য পুলিশ তৎপর।”

স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টি নজরে রেখেছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
 

এসএইচ 

Link copied!