সিসিটিভির আওতায় বরিশালের ভোটকেন্দ্র, পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:০৩ পিএম
সিসিটিভির আওতায় বরিশালের ভোটকেন্দ্র, পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ছবি : প্রতিনিধি

বরিশাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বরিশাল জেলার সব ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অধিকাংশ কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।

গোয়েন্দা তথ্য ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলার ৬৯টি ভোটকেন্দ্রের অধিকাংশকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্র ও ভোটকক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে সব কেন্দ্র পরিদর্শন করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।

বুধবার দুপুর থেকে বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমুছনীয় কালি, ভোটার তালিকাসহ প্রয়োজনীয় ১৮ ধরনের নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হচ্ছে।

বরিশাল গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত প্রস্তুতি যাচাই করেন। তিনি জানান, ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

গৌরনদী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, গৌরনদী উপজেলায় মোট ৬৯টি ভোটকেন্দ্রের ৩৬৯টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্র সিসিটিভি নজরদারিতে রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনেই আমরা কাজ করছি।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মোট ভোটকেন্দ্র ১২৯টি এবং ভোটকক্ষ ৭১০টি। এর মধ্যে গৌরনদীতে ৬৯টি কেন্দ্র এবং আগৈলঝাড়ায় ৬০টি কেন্দ্র রয়েছে। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ১৯৯ জন।

এদিকে বুধবার সকাল ১১টা থেকে বরিশাল সদর উপজেলা পরিষদ থেকে সিটি কর্পোরেশন এলাকা ও ১০টি ইউনিয়নের ভোটকেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। জেলার ছয়টি সংসদীয় আসনেও একইভাবে সরঞ্জাম বিতরণ কার্যক্রম চলছে।

সরঞ্জাম নিতে আসা প্রিজাইডিং কর্মকর্তারা জানান, তারা প্রয়োজনীয় সব সামগ্রী বুঝে নিয়েছেন এবং পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় নিরাপদে কেন্দ্রে পৌঁছাচ্ছেন।

বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে এবার মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৮ হাজার ২২০ জন, নারী ভোটার ১১ লাখ ২৬ হাজার ৭৩৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২০ জন।

বরিশালে মোট ভোটকেন্দ্র ৮৩৩টি। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র ২৫৫টি, গুরুত্বপূর্ণ ২৩৬টি এবং সাধারণ কেন্দ্র ৩৪২টি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে নদীবেষ্টিত এলাকা ও দুর্গম কেন্দ্রগুলোতে আগে থেকেই নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।

বরিশালের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্যালট বাক্স ও অন্যান্য নির্বাচনী সামগ্রী আজকের মধ্যেই কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। নিরপেক্ষ নির্বাচন প্রশ্নে কোনো আপস করা হবে না।

পিএস

Link copied!