ছবি: প্রতিনিধি
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পানিসম্পদমন্ত্রী হওয়ায় লক্ষ্মীপুরে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। মঙ্গলবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে আলাদাভাবে মিষ্টি বিতরণ করেন তাঁরা।
জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান নেতাকর্মীদের নিয়ে শহরের হাসপাতাল সড়কে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন। রাতে যুবদলের নেতাকর্মীরাও শহরের উপকণ্ঠে মিষ্টি বিতরণ করেন।
ছাত্রদলনেতা জিদান চৌধুরী বলেন, এ্যানি চৌধুরী তাঁদের গর্ব। ছাত্ররাজনীতি থেকে উঠে এসে তিনি এখন সরকারের মন্ত্রী হয়েছেন। এতে শুধু বিএনপি নয়, লক্ষ্মীপুরসহ পুরো দেশই গর্বিত। তাঁর নেতৃত্বে লক্ষ্মীপুরে উন্নয়ন ত্বরান্বিত হবে এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনাও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অষ্টম জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। নবম জাতীয় সংসদে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটিতে দায়িত্ব পালন করেন।
দলীয় রাজনীতিতে তিনি ২০০৯ সালে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। পরে ২০১৬ সালে প্রচার সম্পাদক হন। বর্তমানে তিনি বিএনপির ত্রাণ ও পুনর্বাসন কমিটির সমন্বয়ক, মিডিয়া সেলের সদস্যসচিব এবং জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া ২০০১–২০০৮ সময়কালে তিনি সর্বদলীয় সংসদীয় গ্রুপের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১০ সালে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে নিউইয়র্কে জাতিসংঘের সভায় প্রতিনিধিত্ব করেন এবং ২০১৩ সালে জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :