ছবি: প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলার আলোচিত আব্দুল কাহার হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ, চতুর্থ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—নাটোরের সিংড়া উপজেলার বড়গ্রাম দক্ষিণপাড়া গ্রামের মো. আ. মজিদ মণ্ডলের ছেলে মো. মাসুদ রানা এবং মৃত ফজলার রহমানের ছেলে মো. মিজানুর রহমান মিন্টু।
আদালত নির্দেশ দিয়েছেন, আদায়কৃত অর্থদণ্ডের মধ্যে থেকে ১ লাখ টাকা সরকারি কোষাগারে মামলা পরিচালনার ব্যয় বাবদ জমা দিতে হবে এবং বাকি অর্থ ক্ষতিপূরণ হিসেবে মামলার এজাহারকারীকে প্রদান করতে হবে। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের সাজা ভোগের জন্য নাটোর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সিংড়া উপজেলার বাসিন্দা আব্দুল কাহারের হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি দীর্ঘদিন বিচারাধীন ছিল। সাক্ষ্য গ্রহণ, আলামত পর্যালোচনা ও যুক্তিতর্ক শেষে প্রায় ১২ বছর পর আদালত রায় ঘোষণা করেছে। রায়ে উল্লেখ করা হয়েছে, দণ্ডপ্রাপ্তদের পূর্বে হাজতবাসকাল (যদি থাকে) মূল সাজা থেকে বাদ দেওয়া হবে।
নাটোর আদালতের পাবলিক প্রসিকিউটর রুহুল আমিন তালুকদার টগর বলেন, “দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণের পর আদালত রায় ঘোষণা করেছেন। এটি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক বার্তা দেবে।”
ভুক্তভোগী পরিবারের সদস্যরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিন পর রায় ঘোষণার মাধ্যমে আলোচিত হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :