নলছিটিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৫:৪৮ পিএম
নলছিটিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।

নিহত মিলন হাওলাদার উপজেলার পৌর এলাকার শংকরপাশা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ) দুপুরে মিলন হাওলাদারের সঙ্গে প্রতিবেশী বেলাল হাওলাদারের বিদ্যুৎ সংযোগ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন হাওলাদার বেলাল হাওলাদার ও তাঁর মেয়ে ইতি আক্তারকে পিটিয়ে আহত করেন। এ সময় বেলালের বসতঘরেও হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে এ ঘটনায় বেলাল হাওলাদার থানায় মিলনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

এর জেরে পরে মিলন হাওলাদার ও তাঁর ভাই মিরাজ হাওলাদার আবারও বেলাল হাওলাদার ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা করেন বলে স্থানীয়রা জানান।

একপর্যায়ে বেলাল হাওলাদার ও তাঁর ভাইদের পাল্টা হামলায় মিলন হাওলাদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, “নিহত মিলন হাওলাদারের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এসএইচ 

Link copied!