নওগাঁয় গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • নওগাঁ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৭:৫১ পিএম
নওগাঁয় গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

নওগাঁয় গৃহবধূ ইয়াসমিন বানুর হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার স্বজন ও এলাকাবাসী। রোববার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

নিহত ইয়াসমিন বানু বদলগাছী উপজেলার ভরট্র গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে।

মানববন্ধনে বক্তারা জানান, প্রায় সাড়ে পাঁচ মাস আগে সদর উপজেলার জমির শেখের ছেলে আকাশের সঙ্গে পারিবারিকভাবে ইয়াসমিনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আকাশ পরকীয়ায় জড়িয়ে পড়লে ইয়াসমিনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন।

গত ২০ ফেব্রুয়ারি আকাশ ও তার পরিবারের সদস্যরা ইয়াসমিনকে মারধর করলে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হয়। পরে বিষয়টি জানতে পেরে ইয়াসমিনের স্বজনরা সেখানে গিয়ে তার মরদেহ দেখতে পান। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের দাবি জানান তারা।

মানববন্ধনে ইয়াসমিনের বাবা রিয়াজ উদ্দিন বলেন, তিনি গরিব মানুষ। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে মেয়ের বিয়েতে প্রায় ৫০ হাজার টাকার স্বর্ণালংকার দেন এবং দেনমোহর ছিল এক লাখ ২০ হাজার টাকা। পরকীয়ার প্রতিবাদ করায় আকাশ ও তার পরিবারের সদস্যরা তার মেয়েকে নির্যাতন ও মারধর করে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

নিহতের বোন রেসমা খাতুন বলেন, তার বোনের শরীরে আঘাতের চিহ্ন, চোয়াল ফুলে যাওয়া ও নাকে রক্তের দাগ ছিল। কিন্তু ঘটনার পর পুলিশকে প্রভাবিত করে কৌশলে সাদা কাগজে সই নিয়ে অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, পরে থানায় খোঁজ নিয়ে দেখা যায় হত্যা মামলা না করে অপমৃত্যুর মামলা করা হয়েছে। তাই দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এসএইচ 

Link copied!