জামালপুরে নিষিদ্ধ প্রসাধনী বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:৩২ পিএম
জামালপুরে নিষিদ্ধ প্রসাধনী বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার মেলান্দহ বাজারে জেলা পর্যায়ের সমন্বয়ে তদারকি কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ। মেলান্দহ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রাবেয়া বেগম ও স্থানীয় প্রশাসনের সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি প্রস্তুত এবং ওজনে কম দেওয়ার অভিযোগে ‘কাশফুল’ নামের মিষ্টির দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে ‘শাহা স্টোর’ এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিষিদ্ধ ও ক্ষতিকর প্রসাধনী বিক্রির দায়ে ‘রফিক কসমেটিকস’ এর মালিককে ৫ হাজার টাকা এবং ‘মালেক কসমেটিকস স্টোর’-এর মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে চারটি প্রতিষ্ঠান থেকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানের সময় বাজারের আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে নিরাপদ খাদ্য প্রস্তুত ও সঠিক ওজনে পণ্য বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।

সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এসএইচ

Link copied!