ফাইল ছবি
বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০টি বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন।
নিহত রাজিব শেখ (২০) উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়িয়া গ্রামের ফারুক শেখের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হওয়া সংঘর্ষ প্রায় চার ঘণ্টা ধরে চলে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, পুলিশ তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও নিরাপত্তাজনিত কারণে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে পারেননি। পরে রাত ১০টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, চিংগুড়িয়া গ্রামের সাঈদ বিশ্বাস গ্রুপ ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মনজুরুল আলমের নেতৃত্বাধীন শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বিশ্বাস গ্রুপের লোকজন বিএনপির সমর্থক, আর শেখ গ্রুপের লোকজন আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ গ্রুপের একটি অংশ জামায়াতের পক্ষ নেয়।
এর আগে গত ২৮ জানুয়ারি লিচুতলা এলাকায় শেখ গ্রুপের হামলায় বিশ্বাস গ্রুপের নিজাম উদ্দিন নামে একজন নিহত হন। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের একপর্যায়ে শেখ গ্রুপের রাজিব শেখ নিহত হন। এরপরই পরিস্থিতি আরও সহিংস হয়ে ওঠে এবং দফায় দফায় সংঘর্ষে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনার পর বাগেরহাটের পুলিশ সুপার মো. হাছান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং এতে একজন নিহত ও অনেকে আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :