ছবি : প্রতিনিধি
পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদের পুকুরে ধরা পড়েছে সাড়ে ১৩ কেজি ওজনের একটি কোরাল মাছ ও সাড়ে ৯ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় এসব বড় মাছ ধরা পড়ে।
জানা গেছে, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পুকুরটিতে জাল ফেলে মাছ ধরতে নামেন। এ সময় তাদের জালে বড় আকারের একটি কোরাল ও একটি পাঙ্গাস মাছ ধরা পড়ে। অস্বাভাবিক বড় আকৃতির মাছ দুটি দেখতে আশপাশের লোকজন জড়ো হন এবং আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধরা পড়া কোরাল মাছটির ওজন ১৩ কেজি ৫০০ গ্রাম এবং পাঙ্গাস মাছটির ওজন ৯ কেজি ৫০০ গ্রাম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান এই প্রতিবেদককে জানান, উপজেলা পরিষদের পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় একটি বড় কোরাল ও একটি পাঙ্গাস মাছ পাওয়া গেছে। পাঙ্গাস মাছটি জেলা প্রশাসককে উপহার হিসেবে পাঠানো হয়েছে। আর কোরাল মাছটি আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত পান্তা-ইলিশ অনুষ্ঠানে পরিবেশন করা হবে।
স্থানীয়রা জানান, উপজেলা পরিষদের পুকুরে এত বড় মাছ ধরা পড়ায় এলাকায় ব্যাপক কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়েছে।
পিএস
আপনার মতামত লিখুন :