অর্ধশতাধিক গাড়ি নিয়ে শোডাউন: ছাত্রদল নেতা বহিষ্কার

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:২০ পিএম
অর্ধশতাধিক গাড়ি নিয়ে শোডাউন: ছাত্রদল নেতা বহিষ্কার

ছবি : প্রতিনিধি

নাটোর: চলমান জ্বালানি সংকটের মধ্যেই নাটোরের গুরুদাসপুরে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করায় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে তাকে এই অব্যাহতি দেওয়া হয়।

এর আগে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিতে রোববার (১২ এপ্রিল) গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে একটি বড় শোডাউন বের করা হয়। প্রায় ৫০টি গাড়ির বহরে অংশ নেন প্রায় ৪০০ নেতাকর্মী। বহরটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের চাঁচকৈড় বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশেষ করে চলমান জ্বালানি সংকটের মধ্যে এমন আয়োজন নিয়ে প্রশ্ন ওঠে। একই সঙ্গে বহরের ব্যয়ের উৎস নিয়েও আলোচনা-সমালোচনা শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি মাইক্রোবাস সমিতির সদস্য জানান, শোডাউনে অংশ নেওয়া প্রতিটি গাড়ির ভাড়া কমপক্ষে ৫ হাজার টাকা হিসেবে মোট ব্যয় হয়েছে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে মাসুদ রানা প্রামাণিক মোবাইল ফোনে ৫০টি গাড়ি অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করলেও ব্যয়ের উৎস সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হননি। তবে তিনি ফেসবুক লাইভে দাবি করেন, শোডাউনের অধিকাংশ গাড়িই এলপিজি ও সিএনজিচালিত ছিল।

এদিকে, সচেতন মহল মনে করছে—সংকটকালে দায়িত্বশীল ব্যক্তিদের আরও সংযত আচরণ করা উচিত। এমন প্রদর্শনমূলক কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা দিতে পারে এবং অন্যদেরও একই ধরনের কাজে উৎসাহিত করতে পারে।

নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে আসার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পিএস

Link copied!