কলাপাড়ায় ৬ ফুটের দাঁড়াশ-দেড় ফুটের কালনাগিনী উদ্ধার

  • কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৪:৩৬ পিএম
কলাপাড়ায় ৬ ফুটের দাঁড়াশ-দেড় ফুটের কালনাগিনী উদ্ধার

ছবি : প্রতিনিধি

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কৃষি জমি থেকে ৬ ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ ও দেড় ফুট দৈর্ঘ্যের একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা সাপ দুটি উদ্ধার করেন।

জানা যায়, নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়িতে জালে পেঁচানো অবস্থায় একটি বড় দাঁড়াশ সাপ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সংগঠনের সদস্যরা গিয়ে প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের সাপটি উদ্ধার করেন। একইদিনে পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বাসা থেকে দেড় ফুট দৈর্ঘ্যের একটি কালনাগিনী সাপও উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সাপ দুটি বেলা ১১টার দিকে চিকিৎসার জন্য উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে নেওয়া হয়। এ সময় সাপ দুটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা যায় এবং অনেকে ভিড় করেন।

উদ্ধারকারী সূত্রে জানা গেছে, কালচে-বাদামী রঙের দাঁড়াশ সাপটি সম্পূর্ণ নির্বিষ। অন্যদিকে সবুজ-হলুদ রঙের মধ্যে লাল-কালো ডোরাকাটা কালনাগিনী সাপটি মৃদু বিষধর।

এ বিষয়ে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, “হটলাইনে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপ দুটি উদ্ধার করা হয়। আঘাতপ্রাপ্ত থাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে সাপ দুটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

পিএস

Link copied!