‘রহস্যজনকভাবে’ নিখোঁজ চার স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১১:১৪ এএম
‘রহস্যজনকভাবে’ নিখোঁজ চার স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়ন থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো— সানজিদা আক্তার (১২), ইসমত জেরিন (১২), সানজিদা আক্তার রায়সা (১৩) এবং আয়শা আক্তার (১৫)।

তাদের মধ্যে তিনজন নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অন্যজন ভিন্ন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে।

কীভাবে তারা গাজীপুরে গেল

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরীরা জানিয়েছে, তারা গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। পারিবারিক অভিমান ও আবেগের কারণে তারা এ সিদ্ধান্ত নেয় বলে দাবি করেছে।

তারা প্রায় ৮০ হাজার টাকা সঙ্গে নিয়ে গাজীপুরে যায় এবং সেখানে মৌচাক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিল।

পরে একটি কম্পিউটার দোকানে গিয়ে তারা সিভি তৈরিতে সাহায্য চায়। দোকানদার তাদের ফোন নম্বর রেখে দেন। সেই সূত্র ধরেই তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব ও পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার করে।

বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া চার শিক্ষার্থী বর্তমানে মৌচাক পুলিশ ফাঁড়িতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত রোববার (১০ মে) সকালে স্কুলে যাওয়ার কথা বলে নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় চার শিক্ষার্থী। পরে পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এম

Link copied!