১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদলের এক নেতাকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এর আগে তাঁকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর এলাকায় গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাব্বির আহমেদ শামীম ইউনিয়ন যুবদলের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক।
এ ঘটনায় জমির মালিক টাইলস ব্যবসায়ী নূরুদ্দিন খন্দকার জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, গত রোববার বিকেলে জমিতে বালু ভরাটের কাজ চলাকালে শামীম ও তাঁর কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা খোকনকে প্রাণনাশের হুমকি দেন এবং টাকা না দিলে জমিতে কোনো ধরনের উন্নয়নকাজ করতে দেওয়া হবে না বলে জানান। গতকাল সকালে ফের শামীম ও তাঁর সহযোগীরা গিয়ে চাঁদা দাবি করেন। এক পর্যায়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা খোকনের ওপর হামলা চালান। পরে স্থানীয়রা শামীমকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখেন।
যুবদল নেতা সাব্বির আহমেদ শামীম অভিযোগ অস্বীকার করে বলেন, বালু ভরাটের কাজ তাদের জমির ওপর দিয়ে পরিচালিত হচ্ছিল। সে কারণে তিনি বাধা দিয়েছেন। চাঁদা দাবির অভিযোগ ঠিক নয়। ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা শুনেছি। সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কর বলেন, অভিযুক্ত শামীমকে উদ্ধারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জের শ্রীনগরে চাঁদা না পেয়ে নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি ও তাঁর দুই সহযোগী। গতকাল বিকেলে শ্রীনগর ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, ব্যবসায়ী নজরুল ইসলামের কাছে সম্প্রতি রনি এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি কিছু টাকা দিলেও বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাঁর ওপর ক্ষিপ্ত হন। গতকাল বিকেলে শ্রীনগর বাজারে ফয়সাল আহমেদ রনি, মেহেদী হাসান জিকি ও শাওনসহ আরও কয়েকজন তাঁকে ঘিরে ধরে হামলা চালায়।
এ বিষয়ে অভিযুক্ত উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি বলেন, ঘটনার সময় আমি এলাকাতেই ছিলাম না, ঢাকায় আছি। নজরুল জোরপূর্বক আমার খালাতো ভাইয়ের জমি ভরাট করে তাঁর থেকে টাকা আদায় করে নিয়েছেন। উল্টো এখন আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। রাজনৈতিক প্রতিহিংসাবশত আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনছে। আমি বুধবার এসে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। শ্রীনগর থানার ওসি জুয়েল মিয়া জানান, অভিযোগের বিষয়টি আমি অবগত নই। হয়তো ডিউটি অফিসারের কাছে দিয়ে গেছে।
এম
আপনার মতামত লিখুন :