ফাইল ছবি
ঢাকা: লাইন ঘেঁষে থাকা গাছপালা কাটা ও নতুন বিদ্যুৎ লাইন তৈরির কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় শনিবার (২০ জুন) ৯ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৯ জুন) চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের মহেশপুর ওজোপাডিকোর (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) বিক্রয় ও বিতরণ বিভাগ পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
চুয়াডাঙ্গা ওজোপাডিকো জানিয়েছে, বড়বাজার ফিডার এবং নিউ মার্কেট ফিডারের ১১/ দশমিক ৪ কেভি লাইনের জরুরি গাছপালা কাটার কাজ করা হবে। এই কারণে আজ সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত টানা সাত ঘণ্টা সংশ্লিষ্ট এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে বড়বাজার ফিডারের দৌলতদিয়ার সরদার পাড়া, স্কুল পাড়া, ফায়ার সার্ভিস পাড়া ও বঙ্গজ পাড়া। এছাড়া নিউ মার্কেট ফিডারের আওতাধীন বড়বাজার নিউমার্কেট এলাকা, মুক্তি পাড়া, থানা রোডের দুই পাশ, দৌলতদিয়ার দক্ষিণ পাড়া ও কোরিয়া পাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগেই যেকোনো মুহূর্তে লাইন চালু হতে পারে, তাই নিরাপত্তার স্বার্থে গ্রাহকদের সার্বক্ষণিক লাইন চালু হিসেবে গণ্য করার অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে চুয়াডাঙ্গা ওজোপাডিকো কর্তৃপক্ষ।
অন্যদিকে ঝিনাইদহের মহেশপুর ওজোপাডিকোর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর বিদ্যুৎ সরবরাহের আওতাধীন উপকেন্দ্রের সব এলাকায় আজ নতুন বিদ্যুৎ লাইন তৈরির কাজ করা হবে। একই সঙ্গে লাইনের চারপাশের গাছপালা কর্তন করা হবে। এই উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ওই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
এসআই
আপনার মতামত লিখুন :